কুষ্টিয়া প্রতিনিধি :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুষ্টিয়া জেলা এবং কুষ্টিয়া জেলা প্রশাসনের সম্মিলিত সহযোগিতায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে দীর্ঘদিনের ঝোপঝাড়, বর্জ্য ও নোংরা পরিবেশ দূরীকরণের লক্ষ্যে একটি ব্যাপক পরিষ্কার–পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান বলেন,
“এই কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে অংশগ্রহণকারী রেড ক্রিসেন্ট সোসাইটি, প্রিজম ফাউন্ডেশন, রোভার স্কাউটসহ জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি কুষ্টিয়া জেলা প্রশাসকের এই উদ্যোগকে স্বাগত জানাই। কুষ্টিয়া জেলার যেকোনো উন্নয়নমূলক কার্যক্রমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুষ্টিয়া জেলা সর্বক্ষণিক সহায়তা করবে।”
হাসপাতালের পরিবেশ অবনতির কারণে রোগী ও স্বজনদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবীরা হাসপাতালের আঙিনা, ঝোপঝাড় ঘেরা স্থান, ড্রেনেজ ব্যবস্থা ও সাধারণ পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে।
জেলা প্রশাসন জানায়, হাসপাতালকে একটি সুস্বাস্থ্যবান্ধব, পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশে ফিরিয়ে আনাই এই উদ্যোগের মূল লক্ষ্য। স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সম্মিলিত প্রচেষ্টায় ইতোমধ্যে হাসপাতালের বেশ কয়েকটি অংশ নতুন রূপে ফিরে এসেছে।
এ পরিষ্কার–পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান থাকবে এবং ধাপে ধাপে পুরো হাসপাতাল এলাকায় পরিবেশ উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে।
