

শরীয়তপুর, ৪ জুলাই: শরীয়তপুর ইসলামী একাডেমিতে পবিত্র কুরআন শিক্ষার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে কুরআন সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই ২০২৬) একাডেমির মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রথম শ্রেণির শিক্ষার্থীদের কায়দা, দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের আমপারা এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের পবিত্র কুরআন শরীফের সবক প্রদান করা হয়।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন হাফেজ মাওলানা মনিরুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন শরীয়তপুর ইসলামী একাডেমির সম্মানিত সুপার হাফেজ মাওলানা কামরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির সম্মানিত চেয়ারম্যান মুফতী আবু সুফিয়ান আল মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির পরিচালক মাওলানা ইদ্রিস, মাওলানা শাহজাহান, আহসান উল্লাহ, হেদায়েত উল্লাহ এবং জসিম উদ্দিন।
বক্তারা শিক্ষার্থীদের বিশুদ্ধভাবে কুরআন তিলাওয়াত শিক্ষা, ইসলামী আদর্শে গড়ে ওঠা এবং কুরআনের আলোকে জীবন পরিচালনার গুরুত্ব তুলে ধরেন। তারা অভিভাবকদেরও সন্তানদের নিয়মিত কুরআন শিক্ষা ও ইসলামী অনুশাসন মেনে চলার প্রতি উৎসাহিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে একাডেমির শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ ও ধর্মীয় আবহে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।