শরীয়তপুর প্রতিনিধি : আবু রুফাইদা
পবিত্র মাহে রমজান উপলক্ষে শরীয়তপুর ইসলামী একাডেমির উদ্যোগে এক আন্তরিক ও সুশৃঙ্খল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে একাডেমির পরিচালকবৃন্দ, শিক্ষকবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ ও অভিভাবকরা অংশগ্রহণ করেন। রমজানের পবিত্র পরিবেশে আয়োজিত এই ইফতার মাহফিল পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও দ্বীনি চেতনার এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো: আলী হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, রমজান মানুষকে আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। শিক্ষা প্রতিষ্ঠানের এমন আয়োজন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলে এবং নৈতিক শিক্ষার পরিবেশকে আরও সমৃদ্ধ করে।
ইফতার মাহফিলে শরীয়তপুর ইসলামী একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক আবু সুফিয়ান আল মাহমুদ অন্যান্য পরিচালকবৃন্দ, শিক্ষকবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক বিকাশ নিয়ে মতামত ব্যক্ত করেন।
ইফতারের পূর্বে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির অগ্রগতি ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এই ইফতার মাহফিল উপস্থিত সবার মাঝে ভ্রাতৃত্ব, ভালোবাসা ও দ্বীনি চেতনার বার্তা ছড়িয়ে দেয়।
