কুড়িগ্রাম প্রতিনিধি : মোঃ রাশেদুল ইসলাম
কুড়িগ্রামের উলিপুরে সড়ক দুর্ঘটনায় নুর আমিন (৪০) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও চারজন যাত্রী আহত হন, যাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
শনিবার (১১ এপ্রিল) দুপুর ১২টার দিকে উলিপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশ দিয়ে চিলমারী-কুড়িগ্রাম সড়কে দুর্ঘটনাটি ঘটে।
নিহত নুর আমিন উপজেলার থেতরাই ইউনিয়নের বকসীবাজার এলাকার বাসিন্দা ছিলেন এবং তিনি ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। আহতদের মধ্যে রয়েছেন রুহুল আমিন, শিউলি বেগম, তকি আহম্মেদ ও নারু বর্মণ। এদের মধ্যে শিউলি বেগম ও নারু বর্মণের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয়দের বর্ণনা অনুযায়ী, যাত্রী নিয়ে উলিপুর বাজারের দিকে যাওয়ার সময় একটি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর ধাক্কা দেয়। ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি অটোরিকশাটির ওপর আঘাত হানে। এতে অটোরিকশাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই চালক নুর আমিনের মৃত্যু হয়। যাত্রীরা গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর আশপাশের লোকজন দ্রুত উদ্ধার কাজে এগিয়ে এসে আহতদের উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে গুরুতর আহত শিউলি বেগমকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, সড়কে ভারী যানবাহনের বেপরোয়া চলাচল ও ট্রাফিক আইন অমান্যের কারণেই এমন দুর্ঘটনা ঘটছে। তারা সড়কে নিয়মশৃঙ্খলা নিশ্চিত করতে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেছেন।
