মিরপুর প্রতিনিধি :
রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায় শুক্রবার বিকেলে ঘটে যায় বিরল একটি ঘটনা। সাপ্তাহিক ছুটির কারণে দর্শনার্থীতে ভরা চিড়িয়াখানায় বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে হঠাৎ একটি পূর্ণবয়স্ক সিংহী খাঁচা থেকে বের হয়ে আসে। পরিস্থিতি আঁচ করতে পেরে কর্তৃপক্ষ তৎক্ষণাৎ দর্শনার্থীদের নিরাপদে বাইরে নিয়ে যায়, যদিও কেউ আহত হয়নি।
চিড়িয়াখানার কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, খাঁচা থেকে বের হওয়ার পর সিংহীটি মঠ এলাকার পাশের পানির পাম্পের কাছে গিয়ে চুপচাপ বসে পড়ে। সঙ্গে সঙ্গে প্রাণী বিশেষজ্ঞ দল ‘ট্রানকুইলাইজার গান’ প্রস্তুত করে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চেতনানাশক ইনজেকশন প্রয়োগ করলে সিংহীটি অচেতন হয়। পরে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে সেটিকে পুনরায় খাঁচায় ফিরিয়ে আনা হয়।
জাতীয় চিড়িয়াখানার পরিচালক মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার জানান, ঘটনা ঘটার সময় দর্শনার্থীদের বের হওয়ার সময় ঘনিয়ে আসছিল। তাই কাউকে আতঙ্ক না দিয়ে দ্রুত খালি করা যায়। তিনি আরও জানান, কীভাবে সিংহী খাঁচা থেকে বের হলো তা নিয়ে তদন্ত চলছে। কয়েক দিন আগে ওই খাঁচায় একটি পুরুষ সিংহ যুক্ত করা হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।
শাহ আলী থানার ওসি মোহাম্মদ গোলাম আজম বলেন, চেতনানাশক প্রয়োগের পর সিংহীটিকে সফলভাবে নিয়ন্ত্রণে এনে নিরাপদে খাঁচায় ফিরিয়ে দেওয়া হয়েছে।
পুরো ঘটনায় কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতি না হলেও, চিড়িয়াখানায় নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে।
