চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শাহ নেয়ামতুল্লাহ কলেজে শুরু হয়েছে বার্ষিক সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া প্রতিযোগিতা–২০২৫। সোমবার সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে ফিতা কেটে উদ্বোধনের মাধ্যমে সপ্তাহব্যাপী এই আয়োজনের পর্দা উন্মোচন করেন কলেজের অধ্যক্ষ মোঃ তরিকুল আলম সিদ্দিকী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও কলেজের গর্ভনিং বডির সভাপতি মোঃ লতিফুর রহমান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও খেলাধুলা শিক্ষার্থীদের মনন গঠন, দক্ষতা বৃদ্ধি এবং সুস্থ মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে সৃজনশীল ও আত্মবিশ্বাসী করে তোলে।
উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীসহ স্থানীয় সাংবাদিকরাও অংশ নেন। অনুষ্ঠান শুরু হওয়ার পরপরই শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা করে পুরো ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
কলেজ কর্তৃপক্ষ জানায়, পুরো সপ্তাহ জুড়ে সাহিত্য প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা, অ্যাথলেটিক্সসহ নানাবিধ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা শেষে সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার দেওয়া হবে।
