নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীর শিবপুর উপজেলার কুমরাদী বাসস্ট্যান্ড এলাকায় বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। জানা যায়, “কাদির মোল্লা সিটি কলেজ”-এর একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
দুর্ঘটনায় পিকআপের চালক ও তার সহকারী মারাত্মকভাবে আহত হন। চালকের একটি পা ভেঙে গেছে এবং অন্য পাটিও সংকটাপন্ন অবস্থায় রয়েছে। পাশাপাশি তার মাথায় গুরুতর আঘাতের খবর পাওয়া গেছে। সহকারীও গুরুতর জখম হয়েছেন।
স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আটকে পড়া চালককে গাড়ি কেটে বের করে জরুরি ভিত্তিতে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।
