সাভার আশুলিয়া প্রতিনিধি : আজিজার রহমান
সাভারের আশুলিয়ার বলিভদ্র তালপট্টি এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মন্ডলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে ককটেল সদৃশ বস্তুসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ মো. রুবেল হাওলাদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাতে বলিভদ্র তালপট্টি এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানের সময় জাহাঙ্গীর আলম মন্ডলকে তার বাড়ি থেকে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা আরও দুই সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— আশুলিয়ার তালপট্টি এলাকার বাসিন্দা সায়েদ আলী মন্ডলের ছেলে জাহাঙ্গীর আলম মন্ডল (৪৫)। তিনি ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক। অপর দুজন হলেন বগুড়া সদর উপজেলার পাকা কাঞ্চনপুর এলাকার মৃত কবির হোসেনের ছেলে স্বপন (৪০) এবং নওগাঁ জেলার বাণী নগর থানার কাশিমপুর এলাকার রেজ্জাক সর্দারের ছেলে ফারজুল (৩৮)। তারা দুজনই জাহাঙ্গীর মন্ডলের সহযোগী এবং বর্তমানে তার বাসায় অবস্থান করছিলেন বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।
যৌথ বাহিনীর সদস্যরা জানান, অভিযানের সময় তাদের হেফাজত থেকে ১৬টি রামদা, ৮টি চাপাতি, ১৫টি ছোট চাকু, ২টি দা, ১৯টি কাঠের লাঠি, ৪টি মোবাইল ফোন এবং ১২টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রসহ আটককৃতদের পরে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে আশুলিয়া থানার ওসি মো. রুবেল হাওলাদার জানান, যৌথ বাহিনী তিনজনকে আটক করে থানায় সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধারকৃত আলামতের মধ্যে ককটেল সদৃশ বস্তুসহ বিপুল দেশীয় অস্ত্র রয়েছে।
