কোদালপুরে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের সহায়তায় ‘হেল্প ডেস্ক’ স্থাপন
নিজস্ব প্রতিবেদক: আবু রুফাইদা
বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কোদালপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতা ও মানসিক প্রশান্তি নিশ্চিত করতে ‘হেল্প ডেস্ক’ ও পরীক্ষার্থী সেবা কার্যক্রম পরিচালিত হয়েছে। মঙ্গলবার পরীক্ষার প্রথম দিনে স্থানীয় পরীক্ষা কেন্দ্রের মূল প্রবেশপথে এই ব্যতিক্রমী সেবা কার্যক্রমের আয়োজন করা হয়।
এ বিষয়ে ইউনিয়ন সভাপতি রবিউল ইসলাম বলেন,, “ছাত্রশিবির একটি ছাত্রকল্যাণমুখী সংগঠন। পরীক্ষার্থীরা যেন কোনো প্রকার দুশ্চিন্তা বা যান্ত্রিক ত্রুটি ছাড়াই স্বাচ্ছন্দ্যে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে, সেই লক্ষ্যেই আমাদের এই নিরন্তর প্রচেষ্টা। আমরা বিশ্বাস করি, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”
কার্যক্রম চলাকালীন পরীক্ষা কেন্দ্রের সামনে উপস্থিত অভিভাবক জিল্লুর রহমান উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “পরীক্ষার এই টেনশনের মুহূর্তে ছাত্রশিবিরের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। পানির ব্যবস্থা থেকে শুরু করে সিট খুঁজে দেওয়া এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দিয়ে তারা যেভাবে শিক্ষার্থীদের সাহায্য করছে, তাতে অভিভাবক হিসেবে আমরা অনেক আশ্বস্ত বোধ করছি। তাদের এই কাজ অন্যদের জন্য উদাহরণ হয়ে থাকবে।”
অনুষ্ঠানে ইউনিয়ন সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
