বিশেষ প্রতিবেদন :
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট এবং ভুয়া নম্বর প্লেট উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত রোববার (১৪ ডিসেম্বর) সকাল আনুমানিক ৮টা ৪৫ মিনিটে রাজধানীর শেরে বাংলা নগর থানার পশ্চিম আগারগাঁও এলাকার বনলতা আবাসিক এলাকা থেকে এসব আলামত পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনার পর আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর প্লেট পরিবর্তনের বিষয়টি শনাক্ত করা হয়।
পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে বনলতা আবাসিক এলাকার একটি ভবনের নিচতলার পার্কিং থেকে ওই মোটরসাইকেল ও একটি হেলমেট উদ্ধার করা হয়। এছাড়া হামলার সময় ব্যবহৃত ভুয়া নম্বর প্লেটটি একটি ম্যানহোলের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে।
তদন্তে জানা গেছে, মোটরসাইকেলটির প্রাথমিক মালিক ছিলেন আব্দুর রহমান নামের এক ব্যক্তি। এরপর একাধিকবার মালিকানা পরিবর্তনের মাধ্যমে শহিদুল, রাসেল, মার্কেটপ্লেস, ওবায়দুল ইসলাম, আনারুল এবং পুনরায় ওবায়দুলের হাত ঘুরে শেষ পর্যন্ত শুভ নামের একজনের কাছে যায়। মোট আটবার মালিকানা পরিবর্তনের পর হামলার সঙ্গে জড়িত প্রধান সন্দেহভাজন ফয়সালের সহযোগী মো. কবিরের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে মাইনুদ্দিন ইসলাম নামের এক ব্যক্তির নামে মোটরসাইকেলটি কেনা হয়।
উদ্ধারকৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বর প্লেট পরবর্তী তদন্তের জন্য ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
