কক্সবাজারের উখিয়া উপজেলার ময়নারঘোনা পুলিশ ক্যাম্প এলাকায় পরিচালিত এক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা সদৃশ ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে আইনের সঙ্গে সংঘাতে জড়িত এক এফডিএমএন (রোহিঙ্গা) কিশোরকে আটক করা হয়েছে।
৮ এপিবিএন সূত্রে জানা যায়, ২ মে ২০২৬ সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে ক্যাম্প-১৮-এর কে/০৯ ব্লকে এক কিশোরের সন্দেহজনক চলাফেরা স্থানীয়দের নজরে আসে। পরে রোহিঙ্গা বাসিন্দারা তাকে আটক করে এবং তার সঙ্গে থাকা স্কুল ব্যাগ তল্লাশি করে দুটি প্যাকেট উদ্ধার করে।
ঘটনাটি দ্রুত ক্যাম্পের সিআইসি মো. মিনহাজুল ইসলামকে জানানো হলে তিনি ময়নারঘোনা পুলিশ ক্যাম্পকে অবহিত করেন। পরবর্তীতে ৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ (পিপিএম)-এর নির্দেশে এসআই মো. মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান।
আটক কিশোর মাহবুবুর রহমান (১৭), যার বাড়ি উখিয়ার বালুখালী-২ ক্যাম্প এলাকায়। উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা প্যাকেট খুলে দেখা যায়, এর ভেতরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সংরক্ষিত ছিল।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
