ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে জুলাই ২০২৪ সালের আলোচিত ছাত্র হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি কাউসার আহমেদ (৩৭) গ্রেফতার হয়েছেন। তিনি হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামের মৃত আব্দুল হকের ছেলে।
সেনা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নিজ এলাকা ছেড়ে কাউসার আহমেদ নাসিরনগর থানার পেছনের ঘোষপাড়া এলাকায় হাজী মোঃ আলীর বাড়িতে আত্মগোপনে ছিলেন। আত্মগোপনের সময় তিনি বাসার ভেতর ও বাইরে স্থাপিত সিসিটিভি ক্যামেরার মাধ্যমে প্রশাসনের চলাচল নজরদারি করতেন।
গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নাসিরনগর আর্মি ক্যাম্পের উদ্যোগে মেজর ইমরন মাসুম সাব্বিরের নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে আসামি পূর্বপরিকল্পিতভাবে বাড়ির পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করলে আনুমানিক রাত ৩টার দিকে সেনাসদস্যরা তাকে আটক করতে সক্ষম হন।
গ্রেফতারের সময় আসামির কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, তিনটি সিসিটিভি ক্যামেরা এবং একটি সিসিটিভি হার্ডডিস্ক উদ্ধার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মালামাল নাসিরনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সেনা ক্যাম্প সূত্র নিশ্চিত করেছে।
