রাজশাহী প্রতিনিধি :
তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং গবেষণাভিত্তিক স্টার্টআপ কার্যক্রমকে উৎসাহিত করার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে “রাজশাহী বিভাগীয় স্টার্টআপ সামিট”।
ইয়ুথ ইন রিসার্চ অ্যান্ড অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ (ইউরিচ) এবং ডিইআইইডি প্রকল্পের যৌথ উদ্যোগে এই সামিটের আয়োজন করা হয়েছে। এতে সহযোগিতা করছে বিশ্বব্যাংক ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (আইসিটি ডিভিশন)।
রোববার আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইউরিচ-এর প্রতিনিধি মেহেদী হাসান হৃদয় লিখিত বক্তব্যে জানান, এই আয়োজনের প্রধান লক্ষ্য হলো তরুণ সমাজকে উদ্যোক্তা হতে উদ্বুদ্ধ করা, গবেষণাভিত্তিক উদ্ভাবনের প্রসার ঘটানো এবং রাজশাহী বিভাগে একটি কার্যকর ও টেকসই স্টার্টআপ পরিবেশ তৈরি করা।
তিনি বলেন, তরুণরা যেন শুধুমাত্র চাকরির ওপর নির্ভর না করে নিজস্ব উদ্যোগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করতে পারে—এটাই এই সামিটের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি নতুন উদ্যোক্তাদের জন্য ইন্ডাস্ট্রি এক্সপার্টদের সঙ্গে সংযোগ স্থাপন এবং সরকারি সহযোগিতার সুযোগও তৈরি করা হবে।
সামিটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইসিটি ডিভিশনের সচিব শীষ হায়দার চৌধুরী, এনডিসি। কীনোট বক্তা হিসেবে থাকবেন ডিইআইইডি প্রকল্পের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার। এছাড়া দেশের একজন পরিচিত ইয়ুথ ইনফ্লুয়েন্সার অনুষ্ঠানে অংশ নেবেন, যার নাম পরবর্তীতে ঘোষণা করা হবে বলে আয়োজকরা জানান।
আয়োজকদের মতে, পর্যাপ্ত গবেষণা ও ডাটা বিশ্লেষণের অভাবে দেশে অনেক স্টার্টআপ টেকসই হতে পারে না। এই বাস্তবতা মাথায় রেখেই গবেষণাভিত্তিক স্টার্টআপ উন্নয়নের লক্ষ্যে ইউরিচ এই উদ্যোগ গ্রহণ করেছে। একই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যন্ত অঞ্চলের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি করাও এই আয়োজনের অন্যতম লক্ষ্য।
“স্টার্টআপ আইকন রাজশাহী: এ জার্নি ফ্রম আইডিয়া টু বিজনেস” শিরোনামের এই সামিটে অংশগ্রহণের জন্য তিনটি ক্যাটাগরিতে রেজিস্ট্রেশন করা যাবে। এর মধ্যে রয়েছে অডিয়েন্স রেজিস্ট্রেশন ও স্টার্টআপ শোকেসিং রেজিস্ট্রেশন।
বিজনেস আইডিয়া প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য মোট ২ লাখ টাকা পুরস্কার নির্ধারণ করা হয়েছে। রেজিস্ট্রেশনের শেষ তারিখ ২৭ জানুয়ারি ২০২৬।
আগামী ২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এই সামিট অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানসূচিতে থাকছে উদ্বোধনী বক্তব্য, অতিথিদের বক্তব্য, ইউরিচ ও ডিইআইইডি প্রকল্প পরিচিতি, প্যানেল আলোচনা, কীনোট সেশন, আইডিয়া প্রেজেন্টেশন, ইনফ্লুয়েন্সার টক, ইকোহাট লঞ্চ, পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
