কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা বলেছেন, সংসদে তাদের সংখ্যা কম হলেও অন্যদের জবাবদিহির মধ্যে রাখার সর্বোচ্চ চেষ্টা করবেন। শুক্রবার কুষ্টিয়া শহরের ত্রিমোহনী কেন্দ্রীয় জামে মসজিদে জুমার খুতবার আগে তিনি এ মন্তব্য করেন।
তিনি জানান, তাদের পক্ষের ৭৯ জন সংসদ সদস্য একজোট হয়ে ২১২ জন এমপিকে “তীরের মতো সোজা” রাখার চেষ্টা করবেন। কেউ দায়িত্ব থেকে বিচ্যুত হলে সংসদের ভেতরে বা বাইরে—যেখানেই হোক—প্রতিবাদ জানানো হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
আমির হামজা বলেন, রাজনীতিতে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি। চাঁদাবাজি বা অনিয়ম নিজের দলের কেউ করলে ছাড় দেওয়া হবে না, অন্য দলের করলেও নয়—এটাই ন্যায়বিচার। তিনি উল্লেখ করেন, প্রায় সাড়ে চার লাখ ভোটারের প্রতিনিধি হিসেবে তিনি সবার এমপি হয়ে কাজ করতে চান।
নবনির্বাচিত এমপি হিসেবে সংসদের কার্যপ্রণালি, সংবিধান ও মন্ত্রণালয়ের কাজ সম্পর্কে প্রশিক্ষণ নিচ্ছেন জানিয়ে তিনি বলেন, দায়িত্ব যথাযথভাবে পালনে প্রস্তুতি নিচ্ছেন। সরকারি ও বিরোধী দলের এমপিদের বরাদ্দ সমান উল্লেখ করে তিনি এলাকার উন্নয়নে নিজের পরিচিতি ও প্রভাব কাজে লাগানোর আশাবাদ ব্যক্ত করেন।
তাফসির মাহফিল কমিয়ে সংসদীয় কাজে বেশি সময় দেওয়ার কথাও বলেন তিনি। সংসদের প্রতি মিনিট পরিচালনায় প্রায় ১৯ হাজার টাকা ব্যয় হয় উল্লেখ করে তিনি বলেন, এটি জনগণের অর্থ—এর সঠিক মূল্যায়ন নিশ্চিত করতে হবে।
কুষ্টিয়ার উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, আন্তর্জাতিক ও স্থানীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করে সবার পরামর্শ নিয়ে কাজ করবেন। জেলার অন্য সংসদ সদস্যদের সঙ্গেও সমন্বয় করে এগিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অনিয়ম নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সেখানে দুর্নীতি ও অব্যবস্থাপনা দূর করতে উদ্যোগ নেওয়া হবে। চাঁদাবাজির বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, যেকোনো কায়দায় নেওয়া অর্থই ঘুষ—এ ধরনের কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না।
