বিশেষ প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়নে একটি পুকুর থেকে এক মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি ২০২৫) সকালে জিনোদপুর গরুর বাজারের পূর্ব পাশে অবস্থিত পুকুরে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
নিহত নারী হাজেরা বেগম (৪৫)। তিনি প্রয়াত রহিম মিয়ার স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, হাজেরা বেগম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, পুকুরে কোনো কাজে যাওয়ার সময় স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
হাজেরা বেগমের স্বামীর বাড়ি পাবনা জেলায় হলেও তার পৈতৃক নিবাস নবীনগর উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে। বর্তমানে তিনি জিনোদপুর গ্রামে অস্থায়ীভাবে বসবাস করছিলেন। তার মৃত্যুকে কেন্দ্র করে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি বলে জানা গেছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে পরিবারের সদস্য ও স্থানীয়দের অনুরোধের প্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
