আশুলিয়া প্রতিনিধি : আজিজার রহমান
সাভারের বাসস্ট্যান্ড এলাকায় গভীর রাতে পরিচালিত এক অভিযানে সংঘবদ্ধ ছিনতাই ও মাদক চক্রের চার সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। এসময় তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র, বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১টার দিকে সাভার বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন— জাহাঙ্গীর আলম (৩৫), রিপন মিয়া (৪০), মো. শাহিন ইসলাম (১৮) এবং মো. রাসেল (১৮)।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, সাভার আর্মি ক্যাম্পের একটি টহল দল নিয়মিত দায়িত্ব পালনের সময় কয়েকজনের সন্দেহজনক চলাফেরা নজরে আসে। একপর্যায়ে তারা পথচারীদের ঘিরে ধরার চেষ্টা করলে সেনাসদস্যরা দ্রুত পদক্ষেপ নিয়ে ধাওয়া করে দুজনকে আটক করেন। পরে ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালিয়ে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে ছিনতাই ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
অভিযানের সময় তাদের কাছ থেকে ইয়াবা, গাঁজা, মদ, দেশীয় অস্ত্র, মাদক বিক্রির নগদ অর্থ, মাদক সেবনের সরঞ্জাম এবং কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়।
অভিযান শেষে গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ সাভার মডেল থানা-এ হস্তান্তর করা হয়েছে।
