শরীয়তপুর জেলা প্রতিনিধি :
আবু রুফাইদা
শরীয়তপুর ইসলামী একাডেমির উদ্যোগে এক বর্ণাঢ্য ও তাৎপর্যপূর্ণ সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের বরেণ্য আলেম-উলামা, ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে একাডেমির ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল হালিম ইবনে জালাল-এর সভাপতিত্বে এবং মুফতি দীদার মাহদী-র সঞ্চালনায় সূধী সমাবেশটি পরিচালিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলার সাবেক আমীর মাওলানা খলীলুর রহমান। তিনি তাঁর বক্তব্যে দ্বীনি শিক্ষা বিস্তারে আদর্শিক প্রতিষ্ঠান গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন এবং শরীয়তপুর ইসলামী একাডেমির সার্বিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মুফতি আবু সুফিয়ান আল মাহমুদ। তিনি একাডেমির লক্ষ্য-উদ্দেশ্য, শিক্ষা কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন এবং দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে যোগ্য মানবসম্পদ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।
এছাড়া সমাবেশে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ ও রাজনীতিবিদ কে এম মকবুল হোসেন, ইসলামিক ফাউন্ডেশন-এর ডিডি ডক্টর আবু তালহা, এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর সিনিয়র অফিসার মোঃ শহিদুল ইসলাম। বক্তাগণ তাঁদের বক্তব্যে দ্বীনি শিক্ষার প্রসার, নৈতিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সূধী সমাবেশটি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। শেষে প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থী ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
