কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনের এক স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় অন্তত একজন আহত হয়েছেন বলে জানা গেছে।
রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নের সাদুল্লাচর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন রাতে কিশোরগঞ্জ-১ আসনের স্বতন্ত্র (বিএনপি থেকে বহিষ্কৃত) প্রার্থী রেজাউল করিম খান চুন্নুর নির্বাচনী কার্যালয় উদ্বোধনের কথা ছিল। উদ্বোধন উপলক্ষে কার্যালয়ে সাজসজ্জা ও প্রস্তুতির কাজ চলছিল। এ সময় সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও লতিফাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলাম শহীদের নেতৃত্বে কয়েকজন বিএনপি নেতাকর্মী সেখানে উপস্থিত হয়ে হামলা চালান বলে অভিযোগ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, হামলায় অংশ নেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা জুয়েল মেম্বার, বিএনপি নেতা নাসির উদ্দীন নাসির এবং ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমানসহ আরও অনেকে। তারা কার্যালয়ের চেয়ার ও সাউন্ড সিস্টেম ভাঙচুর করেন এবং স্বতন্ত্র প্রার্থীর সমর্থক জাহাঙ্গীর আলমকে (৩৫) মারধর করেন। এ সময় বাধা দিতে গেলে আবু বক্কর সিদ্দিক (৫৫) নামের আরেক ব্যক্তিকেও লাঞ্ছিত করা হয়।
আহত জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেন,
“শহীদুল ইসলাম শহীদসহ কয়েকজন এসে বলেন, এখানে স্বতন্ত্র প্রার্থীর কোনো কার্যালয় করতে দেওয়া হবে না। এরপর তারা আমাকে মারধর করে এবং অফিসের জিনিসপত্র ভাঙচুর করে। আমি এই ঘটনার ন্যায়বিচার চাই।”
