নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া: ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের বাইদগাঁও বাজারে জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ঢাকা-১৯ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী জননেতা আফজাল হোসাইনের নির্বাচনী উঠান বৈঠক।
শুক্রবার (৭ নভেম্বর) রাত ৮টার দিকে বাইদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এই উঠান বৈঠকে স্থানীয় নেতা-কর্মী, ব্যবসায়ী, শিক্ষক, সমাজসেবকসহ বিপুল সংখ্যক জনতা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিমুলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ৮নং ওয়ার্ড সভাপতি মাওলানা মো. হাবিবুর রহমান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ঢাকা-১৯ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা আফজাল হোসাইন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিমুলিয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মো. মোখরেজুল হোসাইন মুকুল, সাবেক সভাপতি ও নাল্লা-পোল্লা আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল কাইয়ুম, শিমুলিয়া ইউনিয়ন জামায়াতের নির্বাচন বিষয়ক সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী, জামায়াত মনোনীত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. মনিরুজ্জামান মনির প্রমুখ।
জনগণের পাশে থাকার অঙ্গীকার আফজাল হোসাইনের। উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে আফজাল হোসাইন বলেন, “ঢাকা-১৯ আসনের মানুষ বহুদিন ধরে অবহেলিত। তাদের ন্যায্য দাবি, মৌলিক অধিকার ও এলাকার উন্নয়ন কাজগুলোকে বারবার উপেক্ষা করা হয়েছে। আমি যদি আপনাদের সমর্থন পাই, ইনশাআল্লাহ শিক্ষা, স্বাস্থ্য, সড়ক ও কর্মসংস্থানের উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালাব।”
তিনি বলেন, “আমাদের রাজনীতি ক্ষমতার নয়, সেবার রাজনীতি। আমরা জনগণের কল্যাণে রাজনীতি করি। মানুষের দুঃখ-কষ্টের কথা আমরা জানি, সেই কষ্ট লাঘবই আমাদের মূল লক্ষ্য।”
আফজাল হোসাইন আরও যোগ করেন,“জনগণের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি। আমরা সংঘাত নয়, পরিবর্তনের রাজনীতি করতে চাই। ইসলামিক মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। আপনাদের সহযোগিতাই আমাদের অনুপ্রেরণা।”
নেতাকর্মীদের প্রতি দিকনির্দেশনা
বক্তব্যে তিনি স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আপনারা জনগণের সঙ্গে যোগাযোগ বাড়ান। বাড়ি-বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলুন, তাদের আশা-আকাঙ্ক্ষা জানুন। নির্বাচনের এই সময় শুধু প্রচারণা নয়, মানুষের মন জয় করার সময়।”
তিনি সবাইকে শৃঙ্খলা, ঐক্য ও ধৈর্যের সঙ্গে কাজ করার আহ্বান জানান।
উপস্থিত জনতার উৎসাহ
উঠান বৈঠকে স্থানীয় জনগণ ও তরুণ ভোটারদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। আফজাল হোসাইনের বক্তব্যে তারা করতালি দিয়ে সমর্থন জানান। স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর তারা এমন প্রাণবন্ত ও শান্তিপূর্ণ রাজনৈতিক সভা প্রত্যক্ষ করলেন।
