কুড়িগ্রাম প্রতিনিধি : মোঃ রাশেদুল ইসলাম
কুড়িগ্রাম শহরের ভোকেশনাল মোড় এলাকার অর্ণব ছাত্রাবাস থেকে এক পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যার দিকে এ ঘটনাটি ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম মৃত্যুঞ্জয় রায় (২৪)। তিনি কুড়িগ্রাম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিপ্লোমা শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায়।
স্থানীয় ও ছাত্রাবাস সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে করেছিলেন মৃত্যুঞ্জয়। তবে তার স্ত্রীপক্ষ ওই বিয়ে মেনে নেয়নি। পরবর্তীতে পারিবারিক ও আইনি জটিলতার কারণে স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে নেওয়া হয় এবং শেষ পর্যন্ত বিচ্ছেদ ঘটে। এরপর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং একাকিত্বে ভুগছিলেন বলে জানান তার পরিচিতজনরা।
ছাত্রাবাসের কন্ট্রোলার জানান, পলিটেকনিকের পরীক্ষা শেষ হওয়ায় বৃহস্পতিবার অধিকাংশ শিক্ষার্থী বাড়ি চলে যায়। সে সময় ছাত্রাবাসে মাত্র তিনজন অবস্থান করছিলেন। দুপুরে সহপাঠী নাদিম ওয়াজেদ তাকে খাবারের জন্য ডাকলেও সাড়া না পেয়ে ঘুমিয়ে আছে মনে করেন। পরে সন্ধ্যায় বারবার ডাকাডাকি করেও সাড়া না পাওয়ায় সন্দেহ হলে জানালার গ্লাস ভেঙে ভিতরে তাকিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। এরপর দ্রুত ছাত্রাবাসের মালিক ও পুলিশকে বিষয়টি জানানো হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। কুড়িগ্রাম থানার এক তদন্ত কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
