খুলনা, ২০ জুন: ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আজ শনিবার দুপুর ২টায় অনুষ্ঠিতব্য খুলনা বিভাগীয় সমাবেশে যোগ দিতে মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান এমপি খুলনায় পৌঁছালে তাঁকে খুলনাবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আন্তরিকভাবে বরণ করে নেওয়া হয়।
খুলনায় আগমনের পর নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে ডা. শফিকুর রহমানকে স্বাগত জানানো হয়। এ সময় সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন স্তরের জনগণ ও সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে শুভেচ্ছা জানান এবং সফল সমাবেশের প্রত্যাশা ব্যক্ত করেন।
আমীরে জামায়াতকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য জনাব মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক এমপি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আবুল কালাম আজাদ এমপি এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান। এছাড়াও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, ১১ দলীয় ঐক্যের খুলনা বিভাগীয় সমাবেশ জনসমাগম ও অংশগ্রহণের দিক থেকে একটি সফল ও তাৎপর্যপূর্ণ আয়োজন হিসেবে পরিণত হবে। সমাবেশে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, জনগণের অধিকার এবং জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হবে বলে জানা গেছে।
খুলনায় আমীরে জামায়াতের আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। তাঁরা সমাবেশ সফল করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
