কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের সীমান্তবর্তী টেকনাফ ও উখিয়ায় পৃথক অভিযানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫) এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তিনজন পলাতক আসামিকে গ্রেফতার করেছে। একইসঙ্গে একটি অবৈধ আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে।
র্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে ২২ এপ্রিল রাতে টেকনাফ মডেল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এতে প্রথমে হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী এলাকা থেকে মাদক মামলায় পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মো. আইয়ুব (৫৫)-কে আটক করা হয়। তিনি রায় ঘোষণার পর থেকে আত্মগোপনে ছিলেন।
একই রাতে পৌরসভার উপর বাজার এলাকায় আরেকটি অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ ইদ্রিস (৪৫)-কে গ্রেফতার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, তিনি টেকনাফের পরিচিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারদের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
অন্যদিকে, উখিয়ার হোয়াইক্যং চেকপোস্টে অভিযান চালিয়ে বিজিবি একটি আগ্নেয়াস্ত্রসহ একজনকে আটক করে। ৬৪ বিজিবির সদস্যরা সন্দেহভাজন একটি সিএনজি থামানোর চেষ্টা করলে চালক পালানোর চেষ্টা করে। পরে গাড়িটি থামিয়ে তল্লাশি চালিয়ে চালক মোহাম্মদ হামিদ (৩৯)-এর কাছ থেকে একটি ৯ মিলিমিটার পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, এক রোহিঙ্গা ডাকাতের কাছ থেকে অস্ত্রটি সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে বহন করছিলেন। আটক ব্যক্তিকেও আইনগত ব্যবস্থা শেষে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
সীমান্ত এলাকায় মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
