পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের গৌরবময় ৫০ বছর পূর্তি উপলক্ষে সোমবার (১ ডিসেম্বর) ব্যাটালিয়ন সদর দফতরে নানা কর্মসূচির মধ্য দিয়ে সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। দিনব্যাপী এই আয়োজনে যোগ দেন সামরিক-বেসামরিক বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সকালে ব্যাটালিয়ন চত্বরে কেক কাটা, বিশেষ দোয়া, আলোচনা সভা ও প্রীতিভোজের মাধ্যমে শুরু হয় সুবর্ণজয়ন্তীর আনুষ্ঠানিকতা। বিজিবি মহাপরিচালকের সৌজন্যে আয়োজনটি হয়ে ওঠে আরও বর্ণিল ও উৎসবমুখর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর-পশ্চিম রিজিয়ন রংপুরের রিজিয়ন কমান্ডার ও বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের, ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ সুরুজ মিয়া, পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস, জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান, পুলিশ সুপার রবিউল ইসলামসহ অন্যান্য সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।
বক্তারা ১৮ বিজিবি ব্যাটালিয়নের দীর্ঘ পথচলার সাফল্য তুলে ধরে এর আরও অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের বলেন,
“বিজিবি দেশের সীমান্ত রক্ষায় নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। পাশাপাশি বিভিন্ন সময়ে সিভিল প্রশাসনকে সহযোগিতা করে প্রতিষ্ঠানটি উচ্চমানের পেশাদারিত্বের পরিচয় দিয়ে আসছে। এই ধারাবাহিকতা ধরে রাখতে সবার সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
