বিশেষ প্রতিনিধি : আবু রুফাইদা
শিক্ষকদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবে দারুলহুদা মডেল মাদরাসার পক্ষ থেকে প্রতিষ্ঠানের শিক্ষকদের মাঝে মাদরাসার লোগো সম্বলিত বিশেষ দেয়াল ঘড়ি উপহার প্রদান করা হয়েছে।
আজকে মাদরাসা প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে মাদরাসার মুহতামীম মুফতি দীদার মাহদী বলেন, একজন শিক্ষক কেবল জ্ঞান বিতরণ করেন না; বরং তিনি একটি আদর্শ সমাজ গঠনের কারিগর। শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, আন্তরিকতা ও দায়িত্বশীলতার প্রতি সম্মান জানাতেই এই সামান্য উপহার প্রদান করা হয়েছে।
তিনি আরও বলেন, দারুলহুদা মডেল মাদরাসার শিক্ষকেরা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের দ্বীনি ও নৈতিক শিক্ষায় গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের এই অবদান মাদরাসার অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করছে।
মাদরাসার শিক্ষকেরা এই উদ্যোগের জন্য কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও প্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, দারুলহুদা মডেল মাদরাসা শরীয়তপুরে দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুনামের সঙ্গে কার্যক্রম পরিচালনা করে আসছে।
