বিশেষ প্রতিনিধি :
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাত্রার প্রস্তুতি জোরদার হওয়ার মধ্যে যুক্তরাজ্য থেকে ঢাকায় এসেছেন তার পুত্রবধূ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
শুক্রবার সকাল ১০টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার বহনকারী বিমানের অবতরণ নিশ্চিত করেন ‘বিএনপি পরিবার’র আহ্বায়ক আতিকুর রহমান। তিনি জানান, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে জুবাইদা রহমান সরাসরি এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার কাছে যাওয়ার কথা রয়েছে।
দীর্ঘ প্রবাস-জীবনের পর তিনি এবার দেশে ফিরেছেন মূলত অসুস্থ শাশুড়ির সার্বিক চিকিৎসা পরিস্থিতি পর্যবেক্ষণ ও বিদেশে নেওয়ার প্রস্তুতিকে ঘনিষ্ঠভাবে তদারকি করতে। প্রায় ১৭ বছর পর গত মে মাসে স্বল্প সময়ের জন্য দেশে এলেও, এবার তার এই সফরকে রাজনৈতিক ও পারিবারিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।
এদিকে খালেদা জিয়ার লন্ডন যাত্রা ঘিরে এখনো অনিশ্চয়তা কাটেনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে জানান, কাতারের আমিরের পক্ষ থেকে পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি যান্ত্রিক সমস্যার কারণে আজ ঢাকায় পৌঁছাতে পারেনি। তিনি আশা প্রকাশ করেন, অ্যাম্বুলেন্সটি শনিবার ঢাকায় আসতে পারে।
তবে চূড়ান্ত যাত্রা নির্ভর করছে খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর। মির্জা ফখরুল বলেন, “ম্যাডামের শারীরিক অবস্থা ভ্রমণের উপযোগী হলে এবং মেডিকেল বোর্ড সম্মতি দিলে ইনশাল্লাহ ৭ তারিখই তিনি উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাবেন।
