চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
মানব পাচার ও বাল্যবিবাহ প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে এবং উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় ইউএসডিওএস-এর ফাইট স্লেভারি অ্যান্ড ট্রাফিকিং ইন পারসনস (এফএসটিআইপি) প্রকল্পের আওতায় সোমবার সকাল সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মডেল মসজিদে এ সভার আয়োজন করা হয়।
সদর উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা শাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রকল্পের লক্ষ্য ও চলমান কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন প্রজেক্ট অফিসার ফারজানা সারমিন। বাল্যবিবাহের কুফল ও সামাজিক প্রভাব নিয়ে আলোচনা করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোসাঃ নাজনীন ফাতেমা জিনিয়া, সাংবাদিক জমশেদ আলী, মাওলানা মোঃ আরিফুল ইসলাম এবং কাজী মোঃ দুরুল আলম।
আলোচনা সভায় স্থানীয় ধর্মীয় নেতা, ইমাম, শিক্ষক, নারী নেতৃত্বাধীন সংগঠনের প্রতিনিধিরা, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বাল্যবিবাহের ফলে স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক জীবনে যে নেতিবাচক প্রভাব পড়ে তা তুলে ধরে সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
সভা শেষে বাল্যবিবাহ প্রতিরোধে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
