চুয়াডাঙ্গা প্রতিনিধি : মোঃ আরিফুল ইসলাম
চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান-এর সঙ্গে জেলার বিভিন্ন ইউনিট ইনচার্জদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় তিনি উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে একে একে পরিচিত হন, শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন। দায়িত্ব গ্রহণের পর জেলা পুলিশের কার্যক্রম আরও কার্যকর ও জনমুখী করতে তিনি এই মতবিনিময়ের আয়োজন করেন।
সভায় পুলিশ সুপার জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার ওপর জোর দেন। পাশাপাশি মাদক ও চোরাচালান দমন, সড়ক ও মহাসড়কে চাঁদাবাজি ও সিন্ডিকেট কার্যক্রম বন্ধ, ফুটপাত দখলমুক্ত রাখা এবং যানজট নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেন।
তিনি বলেন, জনগণের বিশ্বাস অর্জনই পুলিশের প্রধান লক্ষ্য হওয়া উচিত। এ জন্য সেবাগ্রহীতাদের সঙ্গে আন্তরিকতা, মানবিকতা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করতে হবে। একইসঙ্গে প্রতিটি পুলিশ সদস্যকে সততা ও দায়িত্ববোধ নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। অপরাধ দমনে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন।
সভায় আরও নির্দেশনা দেওয়া হয়, ইউনিট ইনচার্জদের নিজ নিজ এলাকায় সার্বক্ষণিক নজরদারি বাড়িয়ে অপরাধ নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রাখতে হবে। এ সময় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
