শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুর-৩ (গোসাইরহাট–ডামুড্যা–ভেদরগঞ্জ) আসনে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা। এরই ধারাবাহিকতায় জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মোঃ আজহারুল ইসলামের সমর্থনে শনিবার দিনব্যাপী তিন উপজেলায় অনুষ্ঠিত হয় নজরকাড়া মোটরসাইকেল র্যালি।
স্থানীয় সূত্রে জানা যায়, র্যালিতে দুই হাজারেরও বেশি মোটরসাইকেল অংশ নেয়, যা সাম্প্রতিক সময়ে এলাকায় আয়োজিত সমাবেশগুলোর মধ্যে অন্যতম বৃহৎ প্রীতি-র্যালি হিসেবে বিবেচিত হচ্ছে। সকাল থেকেই তিন উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মোটরসাইকেল আরোহীরা নির্ধারিত পয়েন্টে জড়ো হতে থাকে। দুপুরের আগে র্যালিটি যাত্রা শুরু করলে এলাকাবাসীর ভিড় জমে যায় রাস্তার দুই পাশে।
গোসাইরহাট, ডামুড্যা ও ভেদরগঞ্জের জামায়াতে ইসলামের দায়িত্বশীল, কর্মী ও সমর্থকরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে র্যালিটিকে প্রাণবন্ত করে তোলেন। শৃঙ্খলাপূর্ণভাবে সাজানো সারিবদ্ধ মোটরসাইকেল আরোহীরা বিভিন্ন স্লোগান ও প্রচারণামূলক ব্যানার-পোস্টার নিয়ে প্রার্থীর প্রতি সমর্থন প্রদর্শন করেন।
র্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “শান্তি, ন্যায়বিচার ও নৈতিক রাজনীতি প্রতিষ্ঠায় মোঃ আজহারুল ইসলামই জনগণের প্রকৃত প্রতিনিধি হতে পারেন। তিন উপজেলার মানুষ তাঁর সৎ, মেধাবী ও সেবামুখী নেতৃত্বে বিশ্বাস রাখে।”
এসময় জামায়াতের স্থানীয় দায়িত্বশীলরা জানান, শান্তিপূর্ণভাবে এবং আইনশৃঙ্খলা মেনেই র্যালিটি অনুষ্ঠিত হয়েছে। তারা বলেন, “জনগণের ভালোবাসা ও ব্যাপক উপস্থিতি প্রমাণ করে—নির্বাচনে জনসমর্থন আমাদের পক্ষে অবস্থান করছে।”
স্থানীয় পর্যবেক্ষকরা মনে করেন, আসন্ন নির্বাচনে ভোটারদের মধ্যে যে আগ্রহ ও সচেতনতা তৈরি হয়েছে, এই র্যালি তারই প্রতিফলন। তিন উপজেলার জনপদজুড়ে র্যালির আলোচনা এখনো চলমান।
উল্লেখ্য, মোঃ আজহারুল ইসলাম দীর্ঘদিন ধরে সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় একটি গ্রহণযোগ্য পরিচিতি গড়ে তুলেছেন। নির্বাচনের আগে এই বিশাল র্যালি তাঁর প্রচারণাকে নতুন গতি দেবে বলে আশাবাদ ব্যক্ত করছেন দলীয় নেতাকর্মীরা।
