চুয়াডাঙ্গা প্রতিনিধি : মোঃ আরিফুল ইসলাম
জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে বাংলাদেশের ৫৬ হাজার বর্গমাইলের সমস্ত জায়গায় নারীদের নিরাপদ আবাসস্থল গড়ে তোলা হবে ইনশাআল্লাহ।স্বাধীনতার ৫৪ বছর পরও বাংলাদেশে মানুষের মৌলিক অধিকার, নারীর নিরাপত্তা, নাগরিক মর্যাদা ও দেশের সার্বভৌমত্ব সুসংহত করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেন এডভোকেট রাসেল।
চুয়াডাঙ্গা সদর উপজেলায় শংকরচন্দ্র ও পদ্মবিলা ইউনিয়নের যৌথ উদ্যোগে ডিঙ্গেদাহ দাখিল মাদ্রাসা মাঠে রবিবার (৩০ নভেম্বর ২০২৫) বিকাল ৩টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা-১ আসনের এমপি প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল উপরোক্ত কথা বলেন।
তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও দেশে মানুষের মৌলিক অধিকার, নারীর নিরাপত্তা, নাগরিক মর্যাদা এবং জাতীয় সার্বভৌমত্ব সুসংহত করা সম্ভব হয়নি। বিগত সরকারগুলোর শাসনামলে নারীদের ওপর নিপীড়ন, জুলুম, হয়রানি ও কারাবন্দী করার ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে; অনেক নারীকে প্রাণও দিতে হয়েছে— যা দেশের মানবাধিকার পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছে।
অ্যাডভোকেট রাসেল আরও বলেন, “ন্যায়-ইনসাফভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা ছাড়া কোনো জাতি অগ্রসর হতে পারে না। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে মানুষের অধিকার, নারীর নিরাপত্তা, জাতীয় সার্বভৌমত্ব এবং ন্যায়ভিত্তিক সুবিচার প্রতিষ্ঠাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।”
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ইউনিট সদস্য মোঃ আব্দুর রউফ, সদর উপজেলা আমীর মাওলানা বিলাল হোসাইন, সহকারী সেক্রেটারি মাওলানা সাজিবুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা ছানোয়ার হোসাইন, শংকরচন্দ্র ইউনিয়ন আমীর মাওলানা আশাদুল হক এবং পদ্মবিলা ইউনিয়ন আমীর মোঃ আসমান আলী।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর উপজেলা সেক্রেটারি মোঃ গোলাম রসুল।
এছাড়া উপস্থিত ছিলেন মহিলা জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্যা মোছাঃ জুই খাতুন, মোছাঃ জাহিদা খাতুন, মোছাঃ ফাতেমা খাতুনসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিটের মহিলা নেতৃবৃন্দ।
সমগ্র সমাবেশ জুড়ে নারীদের নিরাপত্তা, অধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয় এবং আগামীর নির্বাচনে সংগঠনের পক্ষে ব্যাপক সমর্থন ব্যক্ত করেন উপস্থিত নেত্রীবৃন্দ ও কর্মীরা।
