চুয়াডাঙ্গা প্রতিনিধি : মোঃ আরিফুল ইসলাম
শ্রেণি বৈষম্য দূর করে সবার জন্য সমঅধিকার প্রতিষ্ঠা ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে এডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেছেন,
“প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার, শিক্ষা, চিকিৎসা ও নিরাপত্তা প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। প্রতিটি অঞ্চলে আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
গতকাল সোমবার বিকেল ৪টা থেকে রাত ৭টা পর্যন্ত আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উদ্যোগে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যার পর খাসকররা রায়সার বাজারে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মাসুদ পারভেজ রাসেল উপরোক্ত বক্তব্য তুলে ধরেন।
তিনি আরও বলেন,
“চাঁদাবাজি, ঘুষ ও দুর্নীতি জাতির অগ্রযাত্রার প্রধান বাধা। একটি সৎ ও জবাবদিহিতামূলক সমাজ গড়তে হলে এসব অনিয়ম কঠোরভাবে নির্মূল করতে হবে।”
যুবসমাজের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে এডভোকেট রাসেল বলেন,
“মাদক তরুণ প্রজন্মকে ধ্বংস করছে। যুবকদের মাদক থেকে ফিরিয়ে আনতে পরিবার–সমাজ–রাষ্ট্রকে একসঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি বেকারত্ব দূর করতে কর্মমুখী প্রশিক্ষণ, স্থায়ী কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির উদ্যোগ নিতে হবে।”
তিনি সামাজিক সংস্কার, নৈতিক মূল্যবোধ শক্তিশালী করা এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
রায়সার বাজারে উপস্থিত সাধারণ মানুষ রাসেলের বক্তব্যে সন্তোষ প্রকাশ করে জানান—এই বক্তব্য আলমডাঙ্গাসহ সারাদেশে ইতিবাচক পরিবর্তনের পথ তৈরি করবে।
পথসভায় আরও উপস্থিত ছিলেন—
বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা সমাজকল্যাণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন,
জেলা যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হোসাইন টিপু,
জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক মোঃ দারুস সালাম,
আলমডাঙ্গা উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুল,
থানা সেক্রেটারি মোঃ মামুন রেজা,
খাসকররা ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল লতিফ কলম,
৩নং ওয়ার্ড সভাপতি মোঃ আব্দুর রহমান (রতন)
সহ বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
