কুড়িগ্রাম প্রতিনিধি: মোঃ রাশেদুল ইসলাম
কুড়িগ্রামে মাদক বিরোধী অভিযানে প্রায় এক হাজার পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করেছে নাগেশ্বরী থানা পুলিশ। এসময় দুই মাদক কারবারিকে আটক করা হয়।
মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) দুপুরে পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম–এর দিকনির্দেশনায় নাগেশ্বরী পৌরসভার নাগেশ্বরী–ফুলবাড়ী সড়কে থানা পুলিশের একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলেন— নাটোরের লালপুর উপজেলার কামারহাটীর রফিকুল ইসলাম (৪৮) এবং বাগাতিপাড়ার মিস্ত্রীপাড়ার বাসিন্দা সুরুজ আলী (৩১)। তারা প্রাইভেট কারযোগে ইয়াবা পরিবহনের সময় ধরা পড়েন।
অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) ও জেলা পুলিশের মিডিয়া অফিসার মো. আশরাফুল আলম, পিপিএম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশ কঠোর অবস্থানে আছে। তারই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এই সফল অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, কুড়িগ্রামকে মাদকমুক্ত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
