ঢাকা জেলা প্রতিনিধি : মোঃ আজিজার রহমান
আশুলিয়ার জামগড়া ছয়তলা এলাকায় অবস্থিত মন্ডল মার্কেটের একটি গোডাউনে অবৈধভাবে অতিরিক্ত তেল ও চাল মজুদের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ অভিযান পরিচালনা করেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার।
অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে অভিযান চালানো হলে গোডাউনটিতে বিপুল পরিমাণ ভোজ্য তেল ও চাল মজুদ থাকার প্রমাণ পাওয়া যায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও মূল্য বৃদ্ধির উদ্দেশ্যে এসব পণ্য গোপনে মজুদ করে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনী এবং র্যাব-৪, সিপিসি-২ (নবীনগর ক্যাম্প)। তাদের উপস্থিতিতে গোডাউনটি তল্লাশি করা হয় এবং মজুদকৃত পণ্যের পরিমাণ যাচাই করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধ মজুদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যারা বাজারে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্থানীয় জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়ে প্রশাসন বলেছে, আশপাশে কোথাও অবৈধভাবে তেল, চাল বা অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুদ করার তথ্য পাওয়া গেলে দ্রুত প্রশাসনকে অবহিত করতে হবে। জনগণের সহযোগিতাই এ ধরনের অসাধু কার্যক্রম প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
