ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বরে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়কালে দুর্নীতি ও উন্নয়ন প্রসঙ্গে খোলামেলা বক্তব্য দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে আয়োজিত এ সভায় তিনি বলেন, সরকারি উন্নয়ন কাজ ব্যাহত হওয়ার মূল কারণ হচ্ছে রাজনৈতিক দুর্নীতি।
তিনি অভিযোগ করেন, উন্নয়ন প্রকল্পের অর্থের বড় একটি অংশ এমপি ও তাঁদের ঘনিষ্ঠদের মাধ্যমে লোপাট হয়ে যায়। তাঁর ভাষায়, এমপি নিজেই যদি অর্ধেক টাকা নিয়ে নেন এবং আশপাশের লোকজন আরও একটি বড় অংশ ভাগ করে নেয়, তাহলে প্রকল্পের জন্য যা অবশিষ্ট থাকে, তা দিয়ে মানসম্মত কাজ করা সম্ভব হয় না। তিনি আরও বলেন, এমপি যদি সৎ হন, তাহলে কোনো ঠিকাদারের সাহস নেই দুর্নীতি করার।
ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, তাঁর কোনো ভাই-বোন নেই, বাবা নেই এবং আত্মীয়-স্বজনও বিদেশে অবস্থান করেন। তিনি নির্বাচিত হলেও কেউ এসে তাঁর কাছে লাইনে দাঁড়িয়ে তদবির করবে না। স্থানীয় জনগণই তাঁর আপনজন উল্লেখ করে তিনি বলেন, “আপনারাই আমার পরিবার।”
মতবিনিময় সভায় স্থানীয় বাসিন্দারা বিভিন্ন উন্নয়ন চাহিদা ও সমস্যার কথা তুলে ধরেন। এ বিষয়ে রুমিন ফারহানা আশ্বাস দিয়ে বলেন, তাঁকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করা হলে এসব উন্নয়ন কাজ বাস্তবায়নে তিনি আন্তরিকভাবে চেষ্টা করবেন। আর যদি তা করতে ব্যর্থ হন, তাহলে আর ভোট চাইতে মানুষের কাছে আসবেন না বলেও মন্তব্য করেন তিনি।
